~পরাজিত সাঁঝবেলা
বাক্য মিস্ত্রিঃ ড.সুব্রত কুমার সরকার
সাঁঝের অশ্রুবিন্দু নেমে আসে নিঃশব্দ গোধূলির কপোলে,
দিনের ক্লান্ত আলোটা যেন আমারই ভাঙা হৃদয়ের সমাধিলিপি—
কোথাও যেন ঈশ্বর লিখে রাখে,
হারানো প্রেমের ইতিহাসও আলোছায়ায় বেঁচে থাকে।
নিশীথ-পথে গোধূলিরা আজ অচেনা প্রতিধ্বনি,
মনে হয়—
জীবনের গভীরতম দীর্ঘশ্বাস হয়ে আমি কেবলই
একটি অস্পৃষ্ট নাম,
যাকে ডাকলে আর কোনো প্রতিউত্তর আসে না।
তুমি ছিলে সেই অনুলেখ্য প্রতিমা,
যার দিকে তাকালে আমার ভিতরকার রক্ত-মেঘে
জ্বলে উঠত অগ্নিবিন্দু।
আজ সেই আগুনই নিভে গিয়েছে—
ধোঁয়ার মতো স্মৃতিগুলো ভেসে উঠে আকাশে,
আবার মিলিয়ে যায় বেদনাময় নৈঃশব্দ্যে।
সাঁঝবেলাটি যেন এক হারানো নাবিকের সমুদ্র,
যেখানে ঢেউ ওঠে—
কিন্তু তীরে এসে ভাঙে না আর কারও নামে।
ফিরতি আলোয় আমি বুঝি—
প্রতিটি মানুষের অন্তরেই
একটি শূন্য গ্রহ থাকে,
যেখানে ব্যর্থ প্রেমিকেরা নির্বাসিত তারাভ্রমণের মতো
ঘুরে বেড়ায় অনন্তকাল।
তুমি নেই—
কিন্তু তোমার অভাবের অবয়ব
এখনো দাঁড়িয়ে থাকে আমার চেতনার উপকূলে।
যেন কোনো দুঃস্বপ্নের পরিত্যক্ত প্রাসাদ,
যেখানে বাতাসের প্রতিটি শব্দ
মনে করিয়ে দেয়—
ভালোবাসা হয়তো চেয়েছিল জয়,
কিন্তু আমার ভাগ্যে লেখা ছিল
পরাজিত সাঁঝবেলা।