~প্রতিধ্বনি
বাক্যমিস্ত্রীঃ ড. সুব্রত কুমার সরকার।
প্রথম প্রকাশঃ ২৯.০৭.২০২৬ ইং।
প্রতিধ্বনি হয়ে আজও তুমি,
বাজো আমার অন্তর-মন্দিরে।
নীরবতার অতল গহনে,
ডাকি তোমায় অধীর নীড়ে।
যত দূরেই সরে যাও প্রিয়,
ফিরে আসো অনুরণনে—
প্রতিটি নিঃশ্বাস উচ্চারণ করে,
তোমার নাম গোপন স্বরে।
বিরহ যদি পর্বত হয়,
প্রেম তার চিরঝরনা—
পাথর ভেদ করে পথ বানায়,
অমলিন হৃদয়-প্রার্থনা।
আমি যতই ভুলতে চাই,
স্মৃতি ততই দীপ জ্বালে—
অদৃশ্য কোনো বীণার সুর,
জাগে তোমারই কণ্ঠতলে।
চাঁদ ডুবে যায় পশ্চিম আকাশে,
তারারা বদলায় ঠিকানা—
তবু বদলায় না হৃদয়ের,
তোমায় ডাকার ব্যাকুল গাথা।
তুমি কি শোনো সেই প্রতিধ্বনি,
নিশীথের স্তব্ধ প্রহরে?—
আমার সমগ্র অস্তিত্ব আজ,
তোমারই নামের অক্ষরে।
যদি একদিন সব শব্দ থামে,
স্তব্ধ হয় পৃথিবীর গান—
আমার নীরব আত্মাটুকু,
ডাকবে তোমায় অবিরাম।
মৃত্যুও যদি দ্বার রুদ্ধ করে,
থামাতে না পারে অনুরাগ—
প্রতিধ্বনি হয়ে যুগে যুগে,
ফিরে আসবে আমার অনুরাগ।